
আসছে ৬ এপ্রিল মুক্তি পেতে যাচ্ছে ‘মনপুরা’ খ্যাত চলচ্চিত্র নির্মাতা গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘স্বপ্নজাল’ ছবিটি। ছবিটির অনলাইন ট্রেলার বেশ প্রশংসিত হয়েছে। আর এই ছবিতে জুটি হয়েছেন নতুন মুখ ইয়াশ রোহান ও পরীমণি।
‘মনপুরা’ মুক্তি পাবার প্রায় ৯ বছর পর ‘স্বপ্নজাল’ ছবিটি মুক্তি পেতে যাচ্ছে। ছবিটি নিয়ে কেমন প্রত্যাশা পরিচালকের? জবাবে নির্মাতা আরটিভি অনলাইনকে বলেন, ‘৯ বছর পর এই ছবিটি মুক্তি পেতে যাচ্ছে। দীর্ঘদিন ধরে আমি ইন্ডাস্ট্রির বাইরে, ইন্ডাস্ট্রির পালস আসলে খুব একটা বুঝি না। তবে আমি দর্শকের পছন্দটা বুঝি। আমার বিশ্বাস দর্শকরা ছবিটি গ্রহণ করবেন’।
--------------------------------------------------------
আরও পড়ুন: সারাদেশের ১০৮ সিনেমা হলে চলছে ‘পাষাণ’
--------------------------------------------------------
কতগুলো সিনেমা হলে ছবিটি মুক্তি পেতে যাচ্ছে জানতে চাইলে গিয়াস উদ্দিন সেলিম বলেন, আমার লক্ষ্য ২৫টি হলে প্রথম সপ্তাহে ছবিটি মুক্তি দেয়া। কারণ আমি চাইছি ধীরে ধীরে ছবিটি মানুষের কাছে পৌঁছাক। আমার চাওয়াটা হলো দীর্ঘ একটা সময় যাতে সিনেমা হলে ছবিটি চলে। দর্শকদের কাছে আমার একটাই চাওয়া ছবিটি হলে গিয়ে দেখবেন। ভাল লাগলে পরিচিতদের দেখতে বলবেন আর যদি ভালো না লাগে তাহলে বলবেন ছবিটি ভালো নয় দেখার দরকার নেই। আপনারা সিনেমা হলে ছবিটি দেখবেন। তারপর ভালো বা মন্দ সমালোচনা করুন।
নতুন জুটির ব্যাপারে সেলিম বলেন, আমি একটা গল্প বলতে চেয়েছি। আর এই গল্পের জন্য মনে হয়েছে রোহান ও পরীমণিকে লাগবে। তারা দুজনেই খুব ভালো অভিনয় করেছে। আমার বিশ্বাস দর্শকরা তাদের গ্রহণ করবেন।
‘স্বপ্নজাল’ যৌথভাবে প্রযোজনা করেছে বাংলাদেশের বেঙ্গল ক্রিয়েশনস এবং ভারতের বেঙ্গল বারতা। রোহান-পরীমণি ছাড়াও ছবিতে আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, শাহানা সুমী, শহীদুল আলম সাচ্চু, শিল্পী সরকার, ইরফান সেলিম, ফারহানা মিঠু, ইরেশ যাকের, শাহেদ আলী, আহসানুল হক মিনুসহ অনেকে।
আরও পড়ুন:
এম/কেএইচ




