
‘ওপারে চন্দ্রাবতী’ ছবিতে চিত্রনায়ক সাইমন সাদিক ও পরীমণির অভিনয় করার কথা ছিল। শিগগিরই শুরু হবার কথা ছবির শুটিং। সবকিছু ঠিকঠাক। ভালোবাসা দিবসে এফডিসিতে জাঁকজমকভাবে হবার কথা মহরত।
কিন্তু গতকাল হঠাৎ করেই পরীমণি জানান, তার শারীরিক অসুস্থতার কারণে চিকিৎসকের পরামর্শে আপাতত ছবিটি করতে পারছেন না।
পরীর ভাষ্য, কয়েকদিন যাবৎ আমার শরীরটা ভালো যাচ্ছে না। জ্বর ও সর্দি-কাশিতে ভুগছি। চিকিৎসকরা আপাতত বিশ্রামে থাকতে বলেছেন। তবে শুধু এই সর্দি-কাশি নয়, আসলে গত তিন বছর টানা অভিনয় করে শারীরিকভাবে বিধ্বস্ত আমি।
--------------------------------------------------------
আরও পড়ুন: এ কোন হাবিব
--------------------------------------------------------
এদিকে হঠাৎ পরীর এই ছবিটি ছেড়ে দেওয়াতে বেশ বিপাকে পড়েছেন নির্মাতা রফিক সিকদার। তিনি আরটিভি অনলাইনকে বলেন, রোববার রাত ৯টার দিকে আমার কথা হয়েছে। পরী কাজটি করতে পারছে না বলে জানিয়েছে আমাকে।
তিনি আরও বলেন, কথা বলার সময় মনে হলো পরী খুব অসুস্থ। এটা সত্যি পরী কাজটি করলে ভালো হতো। একটা প্ল্যান করে আগাচ্ছিলাম। এখন ১৪ তারিখ ছবির মহরত করব নাকি বন্ধ করে দেবো সেটাই ভাবছি। আসলে এত অল্প সময়ে নায়িকা হিসেবে নতুন কাকে নেবো এটা চূড়ান্ত করা কঠিন।
রফিক বলেন, পরীকে আমি বলেছি একটা ছবি হচ্ছেনা তাতে কি। তুমি সুস্থ হও আমরা একসাথে ভবিষ্যতে ভালো কোনো কাজ করব। পরীও তার বাসায় আমাকে আমন্ত্রণ জানিয়েছে। তাকে দেখতে যাওয়ার জন্য।
নতুন নায়িকা কাকে নিচ্ছেন এমন প্রশ্নের জবাবে পরিচালক বলেন, আসলে বুঝতে পারছি না কাকে নেবো। তবে কলকাতা থেকে নতুন নায়িকা নেওয়ার সম্ভাবনা আছে।
রফিক সিকদার পরিচালিত প্রথম ছবি ‘ভোলা তো যায়না তারে’ বেশ প্রশংসিত হয়। এরপর তিনি ‘হৃদয় জুড়ে’ নামে একটি ছবি পরিচালনা করেছেন। বর্তমানে এই ছবির কাজ শেষ পর্যায়ে আছে।
আরও পড়ুন:
এম/পিআর




