
বাংলাদেশের জনপ্রিয় ব্যান্ডদল ‘ওয়ারফেইজ’ এবার বিশ্বসেরা হার্ডরক ব্যান্ডের তালিকায় চার নম্বরে জায়গা করে নিয়েছে। জনপ্রিয় ওয়েবসাইট ‘টপ টেন’-এ প্রকাশিত তালিকায় এই বিষয়টি জানা গেছে।
ওয়ারফেইজ যখন এমন একটি আনন্দের সংবাদ উদযাপন করছে তখন ব্যান্ডের অন্যতম গিটারিস্ট ইব্রাহিম আহমেদ কমল বিদায়ের ঘোষণা দিলেন। শারীরিক অসুস্থতার কারণে ব্যান্ড ছাড়লেন কমল।
১৯৮৪ সাল থেকে ব্যান্ড ওয়ারফেইজের গিটার কাঁধে নিয়ে মঞ্চ মাতিয়েছেন তিনি। গত ২০ ডিসেম্বর কমল তার ফেসবুক ফ্যান পেজে এক স্ট্যাটাসে বলেন, যারা হেভি মেটাল গান করেন তাদের এক্সট্রিম শারীরিক ফিটনেস দরকার হয়। অ্যাথলেটরা ইনজুরিতে পড়লে যেমন তাদের পর্যাপ্ত চিকিৎসা ও বিশ্রাম নিতে হয়, হেভি মেটালে যারা গান করেন তাদের অবস্থা একই রকম।
কমল আরো বলেন, ২০১০ সালে আমি গুরুতর ইনজুরিতে আক্রান্ত হই। যা এখনো আছে। চিকিৎসকরা আমাকে পুরো বিশ্রামে থাকতে বলেছেন। আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেয়া আমার পক্ষে হয়তো সম্ভব না। শুধু বলতে চাই, আমি বিদায় নিচ্ছি।
এদিকে ‘টপ টেন’-এর তালিকায় এক নম্বর অবস্থানে আছে অস্ট্রেলিয়ান ব্যান্ড এসি ডিসি, দুই নম্বরে আছে গানস এন রোজেস, তিন নম্বরে লন্ডনের ব্যান্ড লেড জেপিলিন, চতুর্থ ওয়ারফেউজ, পঞ্চম মেটালিকা, ষষ্ঠ অবস্থানে বনজভি। সপ্তম স্থানে আছে আমেরিকার রক ব্যান্ড আরস্মিথ, অষ্টম স্থানে লন্ডনের আইরন মেইডেন, নবম ও দশম স্থানে আছে কুইন ও ভ্যান হেলেন।

‘টপ টেন’-এর ওয়েবসাইটে গিয়ে ভক্তরা নানা ক্যাটাগরিতে তাদের পছন্দ অনুযায়ী ভোট প্রদান করতে পারেন। প্রাপ্ত ভোট থেকে সেরাদের তালিকা প্রকাশ করে সাইটটি।
হার্ডরক ক্যাটাগরিতে বিশ্বখ্যাত ব্যান্ডগুলোর মধ্যে বিগত তিনবছর ধরেই সেরা দশে অবস্থান করছে ওয়ারফেইজ। এবার চতুর্থ স্থানে উঠে এসেছে ওয়ারফেইজ।
এই তালিকায় শীর্ষ ত্রিশের মধ্যে আছে বাংলাদেশের আরো দুটি ব্যান্ড। ২০ নম্বরে আছে অর্থহীন, ২৮ নম্বরে আছে আর্টসেল।
পিআর/এম




