
চট্টগ্রামের পটিয়ায় মাহেন্দ্র গাড়ির ধাক্কায় বন্যা বড়ুয়া নামে এক স্কুল শিক্ষিকা নিহত হয়েছেন। সোমবার সকালে মনসার টেক এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত বন্যা বড়ুয়া স্থানীয় একটি কিন্ডারগার্টেন স্কুলের সিনিয়র শিক্ষিকা।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন তালুকদার আরটিভি অনলাইনকে জানিয়েছেন, সকাল নয়টার দিকে কর্মস্থল কিন্ডারগার্টেন স্কুলে যাচ্ছিলেন বন্যা বড়ুয়া।
স্কুলের অদূরে মনসার টেকে রাস্তা পারাপারের সময় শহরমুখী একটি গাড়ি ধাক্কা দিলে তিনি রাস্তায় ছিটকে পড়েন। স্থানীয়রা উদ্ধার করে চমেক হাসপাতালে পাঠানোর পর ডাক্তাররা বন্যা বড়ুয়াকে মৃত ঘোষণা করেন।
নিহত বন্যা বড়ুয়া পটিয়ার হুলাইন গ্রামের মৃত রণজিৎ বড়ুয়ার মেয়ে। এদিকে রোববার দিবাগত রাত ১০টার দিকে চট্টগ্রাম নগরীর ফয়'স লেক এলাকায় যাত্রীবাহী বাসের ধাক্কায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন।
খুলশী থানার জাকির হোসেন রোডে শ্যামলী পরিবহনের একটি বাসের ধাক্কায় তিনি নিহত হন বলে পুলিশ জানিয়েছে। নিহত আমানুল্লাহ ট্রাফিক বিভাগের কনস্টেবল বলে জানিয়েছে পুলিশ।
দুর্ঘটনায় আহত আমানুল্লাহকে হাসপাতালে আনলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে আরটিভি অনলাইনকে জানিয়েছেন চট্টগ্রামে মেডিকেল পুলিশ ফাঁড়ির এএসআই শিলব্রত বড়ুয়া।
আরও পড়ুন :
জেবি



