
কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে আগুন দিয়ে আটজন হত্যা মামলায় খালেদা জিয়ার জামিন শুনানি পিছিয়ে ৩০ সেপ্টেম্বর ঠিক করেছেন আদালত। শুনানিতে রাষ্ট্রপক্ষের সময় আবেদনের প্রেক্ষিতে শুনানি পিছিয়ে দেয়া হয়।
বৃহস্পতিবার দুপুরে হত্যা মামলাটির শুনানি শেষে কুমিল্লা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৫ নম্বর আমলি আদালতের ভারপ্রাপ্ত বিচারক গোলাম মাহবুব খান পরবর্তী শুনানির জন্য আগামী ৩০ সেপ্টেম্বর দিন ঠিক করেন। বিষয়টি নিশ্চিত করেন বেগম খালেদা জিয়ার আইনজীবী অ্যাডভোকেট কাইমুল হক রিংকু।
উল্লেখ্য, ২০১৫ সালের তিন ফেব্রুয়ারি ভোরে ২০ দলীয় জোটের অবরোধের সময় চৌদ্দগ্রামের জগমোহনপুরে একটি বাসে পেট্রোল বোমা ছুঁড়ে মারে দুর্বৃত্তরা। এতে আটজন যাত্রী দগ্ধ হয়ে মারা যান। আহত হন ২০ জন। এ ঘটনায় চৌদ্দগ্রাম থানার এসআই নুরুজ্জামান বাদী হয়ে ৫৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ১৫-২০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এ ঘটনায় খালেদা জিয়াসহ বিএনপির শীর্ষস্থানীয় ছয়জন নেতার বিরুদ্ধে হত্যা ও নাশকতার পৃথক দুই মামলা দায়ের করা হয়। এ ঘটনায় ২০১৭ সালের দুই মার্চ মামলা তদন্তকারী কর্মকর্তা চৌদ্দগ্রাম থানার এসআই মো. ইব্রাহীম দীর্ঘ তদন্ত শেষে ৭৮ জনকে দোষী সাবস্ত করে আদালত চার্জশিট দাখিল করেন।
জেবি



