
সাতক্ষীরার তালা উপজেলায় হাতির পায়ের তলায় পিষ্ট হয়ে এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৮টার দিকে উপজেলার গঙ্গারামপুর পাকা ব্রিজ নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহত শিশুর নাম রিয়াদ হোসেন (৯)। সে গঙ্গারামপুর গ্রামের হাসান গাজীর ছেলে।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদি রাসেল জানান, হাতিটা পাকা ব্রিজের কাছে বাঁধা ছিল। অনেক লোকের সঙ্গে রিয়াদও হাতি দেখতে সেখানে দাঁড়িয়ে ছিল। হাতিটা হঠাৎ পাশে দাঁড়িয়ে দেখতে থাকা রিয়াদকে শুঁড় দিয়ে পেঁচিয়ে পায়ের তলায় পিষ্ট করে মেরে ফেলে।
ঘটনার আকস্মিকতায় সবাই হতবিহ্বল হয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে হাতিটিকে আটক করে। তবে হাতির মাহুত পালিয়ে গেছে বলে জানান ওসি।
জেবি



