
আমরা দ্রুতই জাতীয় নির্বাচনে যাচ্ছি। এই নির্বাচনে আমাদের উন্নয়ন ও আলোরধারা বজায় রাখতে হবে। আমরা যদি আবারও অন্ধকারে নিমজ্জিত না হতে চাই, তবে নৌকার বিকল্প আর কিছু নেই। শেখ হাসিনার বিকল্প শুধুই শেখ হাসিনা আর নৌকার বিকল্প শুধুই নৌকা।
বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল এমপি।
শুক্রবার বিকেলে গাজীপুর শহরে শহীদ বরকত স্টেডিয়ামে জাহাঙ্গীর আলম শিক্ষা ফাউন্ডেশন আয়োজিত কৃতি শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, পুলিশ কমিশনার যখন মনে করেন বিশৃঙ্খল পরিস্থিতি হতে পারে বা তার আশঙ্কা থাকে, তখনই বিএনপিকে সভা করা থেকে বিরত থাকতে বলেন। এর মানে এই নয় যে, তাদের আর কোনোদিন সভা করতে দেয়া হবে না।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, গাজীপুরকে মেট্রোপলিটন সিটি ঘোষণা করা হয়েছে। গাজীপুর মেট্রোপলিটন আইন সংসদে উত্থাপিত হয়েছে এবং সংসদীয় কমিটি থেকে রিপোর্টও দেয়া হয়েছে। এখন পার্লামেন্ট যেদিন শুরু হবে, তার কয়েকদিনের মধ্যেই এটা পাশ হয়ে যাবে।
এসময় আরও উপস্থিত ছিলেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুন-অর-রশিদ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মো. গিয়াস উদ্দিন, ডুয়েটের উপাচার্য অধ্যাপক মো. আলাউদ্দিন এবং ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও গাজীপুর মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম প্রমুখ।
কে/পি



