
সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ রাসেল হাসানের মোবাইল ফোন ক্লোন করা হয়েছে।
ইউএনও বলেন, সাভারের বেশ কয়েকজন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কাছে টিআর, কাবিখা ইত্যাদি দেয়ার কথা বলে বিকাশে চাঁদার টাকা দাবি করে প্রতারক চক্রটি।
এর মধ্যে বিরুলিয়া ইউনিয়নের সুজন চেয়ারম্যান, শিমুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান, পাথালিয়া ইউনিয়নের চেয়ারম্যানসহ বেশ কয়েকজনের কাছে টাকা দাবি করা হয়। পরে চেয়ারম্যানরা বিষয়টি ইউএনওকে অবহিত করেন।
এর ওপর ভিত্তি করে গতকাল বৃহস্পতিবার বিকেলে তিনি তার ফেসবুক আইডিতে একটি পোস্ট দেন।
পোস্টে তিনি জানান মঙ্গলবার দুপুরে হঠাৎ তিনি দেখতে পান তার ব্যবহৃত মোবাইলটি কেউ ক্লোন করেছে। সেখানে তিনি লিখেন, ‘আমার মোবাইল নম্বর হ্যাক করে বিভিন্ন ব্যক্তির কাছে ফোন করে চাঁদা দাবি করা হচ্ছে। অনুগ্রহপূর্বক সবাই সতর্ক থাকবেন।’
নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ রাসেল জানান, তার মোবাইল নাম্বারটি ক্লোন করা হয়েছে।
এ বিষয়ে তিনি স্থানীয় থানায় জিডিসহ প্রয়োজনীয় ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তা নেবেন।
জেবি/জেএইচ



