
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় বাসের ধাক্কায় এক কলেজছাত্রী নিহত হয়েছেন।
শনিবার সকালে উপজেলার সিরাজগঞ্জ-এনায়েতপুর আঞ্চলিক সড়কের চালা বাসস্ট্যান্ডের কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের নাম সুমাইয়া চৈতি (১৮)। তিনি উপজেলার ভাঙ্গাবাড়ী ইউনিয়নের তামাই গ্রামের শাহিন সরকারের মেয়ে ও বেলকুচি বহুমুখী মহিলা ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থী।
বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন জানান, শনিবার সকালে শাপলা ক্লাসিক নামে একটি বাস এনায়েতপুর থেকে সিরাজগঞ্জ যাচ্ছিল। পথে চালা বাসস্ট্যান্ড এলাকায় একটি ভ্যানকে পেছন থেকে ধাক্কা দেয় বাসটি। এতে ঘটনাস্থলেই ভ্যানের যাত্রী সুমাইয়া নিহত হন।
এসময় আহত হয়েছেন আরো চারজন। আহতরা হলেন তামাই গ্রামের ওয়াদুদ মোল্লা (৫৫), তার স্ত্রী লাভলী খাতুন (৪০), দেলখোস প্রামানিকের মেয়ে কলেজ ছাত্রী আখি খাতুন (১৯) ও রেজাউলের মেয়ে কলেজ ছাত্রী খাদিজা খাতুন (১৯)।
জেবি/এসএস



