
৮ ফেব্রুয়ারি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার রায় ঘিরে পরিস্থিতি মোকাবিলায় পুলিশের সহযোগী হিসেবে মাঠে উপস্থিত থাকবে আওয়ামী লীগ। জানালেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
মঙ্গলবার বিকেলে ধানমণ্ডিতে দলীয় সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলির সঙ্গে সহযোগী সংগঠনের যৌথসভা শেষে এ কথা বলেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, খালেদা জিয়ার একটা মামলার রায় নিয়ে বিএনপি নেতাকর্মীদের সহিংস বক্তব্যে দেশের মানুষ এখন আতঙ্কে আছে। জনগণের জানমাল নিরাপত্তায় স্বার্থে প্রয়োজনে আমরা আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করব। আমরা এখন ক্ষমতায় আছি। গায়ে পড়ে আমরা কেন দেশে অশান্তি ডেকে আনব?
--------------------------------------------------------
আরও পড়ুন: ‘ভূ-গর্ভস্থ পানির স্তর ৩ থেকে ১০ মিটার নেমে গেছে’
--------------------------------------------------------
তিনি আরও বলেন, বেগম জিয়ার দুর্নীতি মামলা শেখ হাসিনা সরকার করেননি। এটা করেছে ফখরুদ্দিন ও মঈনুদ্দীনের তত্ত্বাবধায়ক সরকারের দুনীতি দমন কমিশন। এই মামলার কার্যক্রম আদালত স্বাধীন ভাবে করেছে। খালেদা জিয়া ১৫০ বার হাজিরা দেননি। খালেদা জিয়া নিজেই সাড়ে আট মাস মামলার কার্যক্রম ব্যাহত করেছেন। মামলার কী রায় হবে তাতে সরকারের কোনো সংশ্লিষ্টতা নেই।
ওবায়দুল কাদের বলেন, বিএনপি আমাদের শত্রু নয়। তারা আমাদের প্রথম থেকেই শত্রুতা করে আসছে। বিএনপি ষড়যন্ত্র ও প্রতিহিংসার রাজনীতি করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ রয়েছে, ভালো কাজের জন্য পুরস্কার আর খারাপ কাজের জন্য তিরস্কার। যেমন তুফান সরকার কারাগারে আছেন, তার বিরুদ্ধে মামলা হয়েছে। বিচারও হবে।
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, তারা (বিএনপি) যদি উস্কানি দেয়, হাইকোর্টের সামনে প্রিজন ভ্যানে হামলা চালানোর মতো পরিস্থিতি সৃষ্টি করে তাহলে আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি মোকাবিলা করবে। আজ থেকেই আওয়ামী লীগের নেতাকর্মীরা সতর্ক থাকবে। হাইকোর্টের সামনে যারা এরকম হামলা করতে পারে তারা ৮ তারিখেও এই রকম ঘটনা ঘটাতে পারে। বিএনপির পক্ষে এটা অসম্ভব নয়। আইনশৃঙ্খলা বাহিনীর কাছে তথ্য রয়েছে তারা দেশের বিভিন্ন স্থানে হামলা চালাতে পারে।
তিনি বলেন, ক্ষমতায় থাকলে কিছু না কিছু ভুল হবেই। আমরা ধোয়া তুলসী পাতা নই। এই দাবি আমরা করিও না। কিছু অনুপ্রবেশকারী দলের নামে অপপ্রচার করে। তারা কিন্তু ছাড় পাচ্ছে না। যেই অপরাধ করুক না কেন শাস্তি তাদের পেতেই হবে।
আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলির সহযোগী সংগঠনের যৌথসভা আরও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ, ডা. দীপু মনি, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, এনামুল হক শামীম, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ ও দপ্তর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ।
আরও পড়ুন:
এসএস




